ঈদের ছবির ইঁদুর দৌড়

আহমেদ জামান শিমুল
ঈদুল ফিতর বাংলাদেশের সবচেয়ে বড় উৎসবগুলোর একটি। সেই ঈদকে কেন্দ্রকে সরগরম হয়ে উঠেছে দেশের চলচ্চিত্রাঙ্গন। এবার ঈদ আসতে এখনো প্রায় দুইমাস বাকি, কিন্তু এখন থেকেই ঈদের ছবি মুক্তি নিয়ে শুরু হয়েছে নানান হিসাব-নিকেশ। অবস্থা দেখে মনে হচ্ছে এবারের হিসেবটা একটু জটিলই হবে।

পরিবেশক ও হল মালিকদের সাথে কথা জানা গেছে এখন পর্যন্ত তারা পাঁচটি ছবি ঈদে নিয়ে আসার ঘোষণা দিয়েছেন— ‘বাদশা’, ‘শিকারী’, ‘সম্রাট’, ‘মেন্টাল’ ও ‘সুলতানা বিবিয়ানা’। এগুলোর মধ্যে ‘সুলতানা বিবিয়ানা’ বাদে বাকি ছবিগুলো ইতোমধ্যে হল বুকিং শুরু করেছে।
দেশের শীর্ষ প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া সবার আগে ঈদের জন্য ছবির ঘোষণা দিয়েছে। চমক হিসেবে তারা দুটি ছবির কথা বলছেন। বাবা যাদব পরিচালিত ‘বাদশা’য় আছেন কলকাতার এক নম্বর নায়ক জিৎ, তার বিপরীতে নুসরাত ফারিয়া। ‘শিকারী’তে আছেন বাংলাদেশের এক নম্বর নায়ক শাকিব খান ও কলকাতার নায়িকা শ্রাবন্তী। প্রতি রোজার ঈদে কলকাতায় ছবি মুক্তি দেন জিৎ, আর দূর্গাপূজোয় দেব। সে হিসেবে কলকাতায় ‘বাদশা’র মুক্তি নিশ্চিত।
পরিবেশক সূত্রগুলো বলছে ‘বাদশা’ বাংলাদেশেও মুক্তি পাবে এটা নিশ্চিত। কিন্তু কিছুটা জটিলতা সৃষ্টি হতে পারে ‘শিকারী’ নিয়ে। কারণ যৌথ প্রযোজনার ছবিগুলো কলকাতার অংশের প্রযোজক এসকে মুভিজ নাকি চায় না একসাথে দুটি ছবি মুক্তি পাক। তারা চাইছে ‘শিকারী’ ঈদের একমাস পরে মুক্তি দিতে।
তবে পুরো বিষয়টিকে গুঞ্জন হিসেবে উড়িয়ে দিলেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ। তিনি বলেন, ‘অন্যরা কে আসবে তা জানি না। তবে এটা জানি আমাদের দুটো ছবিই ঈদে আসবে। কলকাতায় কী করবে এটা তাদের ব্যাপার।’
সরেজমিন মেন্টালের পরিবেশক অফিসে ঘুরে দেখা যায় বড় করে ব্যানার টানানো ঈদের ছবি 'মেন্টাল'। শাকিব খান, তিশা, পড়শী—এরকম মাল্টি কাস্টিংয়ের কারণে ছবিটি বেশ আলোচিত আগে থেকেই। ছবিটির প্রযোজক পারভেজ চৌধুরী বলেন, ‘আমরা ইতোমধ্যে ১৮০টি হল বুকিং করে ফেলছি। ঈদে শাকিব ভাইয়ের অন্য কোনো ছবি না আসলেও আমরা আসব এ ব্যাপারে কোনো ধোঁয়াশার কিছু নেই।’
ফিল্মপাড়া কাকরাইল ঘুরে ‘সম্রাট’ও ঈদে আসছে বলে জানা গেছে। পরিবেশক সূত্র বলছে ছবিটিও অর্ধশতাধিক হল বুকিং করে ফেলেছে। শাকিব খানের নতুন লুক, অন্যরকম অপু বিশ্বাস, নির্মাতা হিসেবে মোস্তফা কামাল রাজের সুনাম—‘ছবিটিও হল মালিকদের আগ্রহের কেন্দ্রে অনেক আগে থেকেই। তবে ছবিটি ঈদে আসার ব্যাপারে মুখ খুলতে চান না প্রযোজক জাহিদ হাসান অভি। তিনি শুধু বললেন, ‘কিছুদিন যেতে দিন, ঈদের তো এখনো অনেক বাকি। কিছুদিনের মধ্যেই সম্রাটের মুক্তির তারিখ ঘোষণা করব।’
‘সুলতানা বিবিয়ানা’ ঈদে আসার আভাস পাওয়া গেলেও এখন পর্যন্ত কোনো হল বুকিং শুরু করেনি বলে জানিয়েছেন পরিবেশনা সূত্রগুলো। বাপ্পি, আঁচল অভিনীত ছবিটি নতুন গল্প ও তরুণ নির্মাতা হিমেল আশরাফের কারণে বেশ আলোচিত।
তবে হল মালিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী বলেন, ‘এখন যা শুনছেন সবই আওয়াজ। বুকিং যে কোনো ছবিই করতে পারে—তার মানে এ না যে ওই হল মালিক ছবিটি ঈদের দিনই চালাবেন। তার মনে হচ্ছে তিনি ছবিটি চালাতে চান। খোঁজ নিয়ে দেখেন অনেক হল মালিক একাধিক ছবি বুকিং দিয়ে রেখেছেন। ঈদের ঠিক দু-সপ্তাহের আগে আপনি বলতে পারবেন না কোন ছবি ঈদে আসছে।’
বাংলাদেশে এই মুহূর্তে চালু হল রয়েছে ২৫০টির মত। ঈদকে কেন্দ্র করে চালু হয় আরো প্রায় ৫০টি। এছাড়া জাজ বন্ধ থাকা প্রায় ৫০টি হল লিজ নিচ্ছে এই ঈদে। সে হিসেবে ৩৫০ হল ঈদে চালু থাকবে। সেক্ষেত্রে অনেক বড় ছবি ঈদে ভাল হল না পেলে মুক্তির মিছিল থেকে সরে দাঁড়াবে, অতীত ইতিহাস তা-ই বলে।
Share on Google Plus

About uthuranews24.com

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

Post a Comment